বাল্যবিবাহ রোধে মানবিক উদ্যোগ শেরপুরে কিশোরীর পাশে জেলা প্রশাসন
বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী এলাকার মাতৃহীনা কিশোরী শিখা রবি দাসের বাল্যবিবাহ বন্ধ করে তার পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন।
গত ৯ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন শিখা রবি দাসের শিক্ষাজীবন অব্যাহত রাখতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে জেলা প্রশাসন ফাউন্ডেশনের মাধ্যমে একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিশুর শিক্ষা গ্রহণ, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। বাল্যবিবাহ কোনো শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না; বরং শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই তাদের সম্ভাবনার বিকাশ সম্ভব।
তিনি আরও জানান, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
This theme has been developed by OURISLAMBD.