[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ওমানে গাড়ির ভেতরে চট্টগ্রামের চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যের দেশ Oman–এ একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) দেশটির মুলাদ্দা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের সন্তান এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুইজন অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারা কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, কেনাকাটা শেষে ফেরার পথে তারা যে গাড়িতে ছিলেন, সেটি দীর্ঘ সময় চালু অবস্থায় থাকায় ভেতরে বিষাক্ত গ্যাস জমে যায়। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির এসি থেকে নির্গত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হতে পারে।

তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, একই পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার নিজ গ্রাম বন্দারাজারপাড়ায় নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় ভারী পরিবেশ বিরাজ করছে।
This theme has been developed by OURISLAMBD.
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন