[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

সাংবাদিককে আটক করতে পুলিশকে চাপ, "ভুল তথ্য" বললেন এমপি রুমা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

সংরক্ষিত (পাবনা-সিরাজগঞ্জ) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

প্রকাশিত সংবাদে অসন্তুষ্ট হয়ে সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুল নামে স্থানীয় এক সাংবাদিককে আটক করতে পুলিশকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। সাংবাদিক পিপুল নিজেও একই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ৩৩০ সংরক্ষিত আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নামও এসেছে বলে জানিয়েছেন ঐ সাংবাদিক। তবে সাংবাদিককে ভয় দেখানো বা এ বিষয়ে কাউকে সমর্থন দেয়ার অভিযোগকে "সম্পূর্ণ ভুল তথ্য" বলে দাবি করেছেন এমপি রুমা। তিনি বলেছেন, তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না।

শনিবার (১০ অক্টোবর) চাটমোহর উপজেলা অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সরাসরি সংসদ সদস্য রুমার কাছে এ বিষয়ে জানতে চান বাংলা ট্রিবিউনের পাবনা জেলা প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল। জবাবে এমপি রুমা অভিযোগের বিষয়টি ভুল তথ্য বলে উল্লেখ করেন।


পিপুল মতবিনিময় সভায় তার বক্তব্যে সংসদ সদস্যের কাছে জানতে চান, পুলিশের একটি দায়িত্বশীল সূত্র থেকে তিনি জানতে পেরেছেন, তাঁর প্রকাশিত সংবাদে অসন্তুষ্ট হয়ে স্থানীয় বিএনপি নেতারা তাঁকে আটক করতে পুলিশের ওপর চাপ নিয়মিত চাপ দিচ্ছেন। এ ঘটনায় এমপি রুমার নামও এসেছে বলে তিনি দাবি করেন। একাধিক মাধ্যম থেকেও বিষয়টি জেনেছেন বলে জানান তিনি।


এ সময় পিপুল সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রাখেন, তিনি তাকে আটক করতে পুলিশকে চাপ দিয়েছেন বা এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কি না? নাকি স্থানীয় কেউ তাঁর নাম ব্যবহার করে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছেন।


জবাবে এমপি রুমা তার বক্তব্যে বলেন, তাঁর নামে এমন অভিযোগ করা হয়েছে যে, সরকারের (তিনি সরকারের অংশ) পক্ষ থেকে কোনো সাংবাদিককে ভয় দেখানো হচ্ছে কি না, কিংবা এ বিষয়ে কাউকে সমর্থন দেওয়া হচ্ছে কি না। তিনি বলেন, "এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না।"


পিপুল তার বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন এবং এখনো করছেন। কোনো সংবাদে কারও আপত্তি থাকলে প্রতিবাদ জানানো কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।


তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় তাঁর আপত্তি নেই। তবে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে আটক করার জন্য পুলিশকে চাপ দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত স্বাধীনতার জন্য উদ্বেগজনক।


মতবিনিময় সভায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট এলাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। সভায় এলাকার উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়।

This theme has been developed by OURISLAMBD.
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন